ডারউইন টেস্টের তৃতীয় দিন: ‘লিডের চাপে’ ধুঁকছে অস্ট্রেলিয়া

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ডারউইন টেস্টে আরও একটি স্বপ্নের দিন পার করলো বাংলাদেশ। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বড় লিডে ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই লিড পেরিয়ে নতুন করে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে হবে এমন সমীকরণ এখন অজিদের সামনে, যা তাদের কিছুটা চাপে ফেলেছে বলাই যায়। যদিও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অজিরা, তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও লাল-সবুজদের হাতেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই খেলো ধাক্কা। হ্যাজেলউডের বলে হাসান মাহমুদ ফিরতেই উঁকি দেয় দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে পাল্টা আক্রমণে সাহস দেন তাইজুল ইসলাম, ভরসা হয়ে টিকে থাকেন তাসকিন আহমেদ। অন্যদিকে, ইনিংস এগিয়ে নিতে থাকেন মেহেদী হাসান মিরাজ।

সতীর্থদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে দশম টেস্ট ফিফটি তুলে নেন মিরাজ। ৬৫ রানে এই অলরাউন্ডারকে ফিরিয়ে ফাইফারের স্বাদ পান হ্যাজলউড। একইসঙ্গে নবম অজি বোলার হিসেবে পান টেস্টে ৩০০ উইকেটের দেখা। এবাদতকে ফিরিয়ে বাংলাদেশকে ৪২৬ রানে গুটিয়ে দেন এই পেসার। ততক্ষণে টাইগাররা পায় ২২৮ রানের বিশাল লিড। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংস।

আরও পড়ুন:

দুই শতাধিক রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৮২ বার ব্যাট করতে নেমে মাত্র তিনবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ম্যাচে ফেরার পথ আরো কঠিন করেন হাসান মাহমুদ। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদার‌্যাল্ড, দুই ওপেনারকেই বোল্ড করেন তিনি। হেড ১৭ রান করলেও খাতা খোলার সুযোগ পাননি ওয়েদার‌্যাল্ড।

মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ দুজনই দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেছেন। তাদের হতাশে এগিয়ে আসেন দুই স্পিনার তাইজুল ও মিরাজ। ৩১ রান করা লাবুশেনকে তাইজুল বোল্ড করার পর বিপদজনক স্মিথকে ৪৪ রানে ‘কট অ্যান্ড বোল্ড’ করেন মিরাজ। দিনের বাকিটা সময় সতর্ক থেকে পার করেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি।

৪ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চেয়ে এখনও ৬৭ রানে পিছিয়ে স্বাগতিকরা রোববার ব্যাকফুটে থেকেই ব্যাট করতে নামবে। অন্যদিকে, অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের গন্ধ পাওয়া টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

এসএইচ