চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

পুশইনের চেষ্টা
পুশইনের চেষ্টা | ছবি: সংগৃহীত
0

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ৯ জুলাই) ভোর ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করে বিএসএফ।

সকাল ১০টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেইট দিয়ে রোববার ভোর ৩টার দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিন জন ব্যক্তিকে (এক পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে।

মাধবখালী বিওপির টহল দল শুন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করলে, উক্ত ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তিনজন ব্যক্তি ভোর ৫টা ২০ মিনিটের সময় ভারতের তারকাঁটার নিকট ফেরত যায়। পরবর্তীতে, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা ৭টা ৫৫ মিনিটের সময় ৬৮/৫-এস সীমান্ত গেইট খুলে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি এরই মধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেআর