রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে: ইসি সচিব

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি মনোনয়নপত্র নিয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (রোববার, ৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেয়া শুরু হয়েছে। আজ বিএনপি প্রতিনিধিদলের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও রুহুল কবীর রিজভী এসে দুটি মনোনয়নপত্র নিয়ে গেছেন। এছাড়া এখন পর্যন্ত কোনো দল বা প্রার্থী এসে আমাদের কাছে থেকে মনোনয়নপত্র নেননি।’

স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানান ইসি সচিব। এ বিষয়ে তিনি বলেন, ‘১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। এসব ভোটার নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচন হবে।’

স্থানীয় নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে বলে জানান তিনি।

ইসি সচিব আরও বলেন, ‘সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনের বিষয়টি এখনও পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত আছে, এটি সম্পূর্ণ হলেই পাঠানো হবে।’

ইএ