একাত্তর, নব্বই ও চব্বিশের আত্মদান বৃথা যেতে দেব না: গৃহায়নমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন | ছবি: এখন টিভি
1

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, একাত্তর, নব্বই এবং চব্বিশের যোদ্ধারা যারা আমাদের মুক্তির জন্য স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছেন, আমরা যেন আজ থেকে শপথ নেই তাদের আত্মদান বৃথা যেতে দেব না। জুলাই যোদ্ধারা যারা জীবন দিয়ে আমাদেরকে আবারো স্বাধীন করে দিয়ে গেছে -এমন কাজ করতে হবে তাদের অবদান যেন শুধু মুখে না থাকে, যেন কাজেও তা প্রমাণ করতে পারি। তাদের রক্তের প্রতিদান যেন একটি সুন্দর বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে আমরা দিতে পারি।

আজ (শনিবার, ৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন মন্ত্রী আরও বলেন, ‘কুমিল্লার জুলাই শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই- সারা বাংলাদেশের জুলাই শহীদরা সরকারিভাবে যে মর্যাদা এবং সুবিধা পাবেন, কুমিল্লার শহীদরা এর চেয়ে কেউ বঞ্চিত হবেন না। কেউ যদি কোনো কিছু অপ্রাপ্ত থাকেন তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে।’

আরও পড়ুন

বিগত ১৫ বছরের সরকার দেশকে একটি তলাবিহীন ঝুরিতে পরিণত করেছে এমন মন্তব্য করে গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আগামী পাঁচটি বছর সময় পেলে আমরা বাংলাদেশের দৃশ্যপট ইতিবাচক ভাবে বদলে দিব। এজন্য আমাদের সবার সমান সহযোগিতা প্রয়োজন- যে যার যার জায়গা থেকে এগিয়ে আসলে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র পরিণত হবে।’

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জুলাই শহীদ পরিবারের সদস্যগণ এবং জুলাই যোদ্ধারা।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইনসহ অনেকে।

জেআর