স্পোকেন কাউন্টি শেরিফ জন নোয়েলস এক সংবাদ সম্মেলনে জানান, ফারিনাচ্চিকে প্রথম ডিগ্রি অগ্নিসংযোগের (আর্সন) অভিযোগে সোয়াত টিমের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ১০ লাখ ডলার বন্ডে কারাগারে রাখা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে দাবানল শুরুর ঠিক আগে একজন প্রত্যক্ষদর্শী তাকে বনের পাশে ঘাসের ওপর উবু হয়ে বসে থাকতে দেখেন। ওই ব্যক্তি উঠে দাঁড়ানোর পর তাকে বেশ বিচলিত দেখাচ্ছিল এবং তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন।
পুলিশ ওই দিনই ঘটনাস্থলের আধা মাইল দূর থেকে ফারিনাচ্চিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তার কাছে ওয়াটারপ্রুফ দিয়াশলাই ও বিউটেন লাইটার পাওয়া গেলেও পর্যাপ্ত তথ্য না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে পরে গোয়েন্দারা নিশ্চিত হন যে, প্রত্যক্ষদর্শী যেখানে তাকে উবু হয়ে বসে থাকতে দেখেছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
স্পোকেন কাউন্টি প্রসিকিউটর প্রেস্টন ম্যাককলাম জানান, ফারিনাচ্চির বিরুদ্ধে এর আগেও সন্দেহজনকভাবে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছিল। এছাড়া ২০১২ সালে অ্যারিজোনায় একটি নরহত্যার মামলায় তার সাজা হওয়ার নজির রয়েছে।
বর্তমানে স্পোকেন অঞ্চলে তিনটি প্রধান দাবানল জ্বলছে, যার মধ্যে ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ সবচেয়ে বড়। এই দাবানলে এ পর্যন্ত প্রায় ৮ হাজার একর এলাকা পুড়ে গেছে এবং ৭০০-র বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। আগুনের কারণে প্রায় ৬৭ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। তবে ফারিনাচ্চির সঙ্গে অন্য দুটি দাবানলের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





