বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই নিয়ম তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে এসব ভিসার চাহিদা আরও কমাতে ভূমিকা রাখবে।
এ পর্যন্ত পরীক্ষামূলক কর্মসূচির আওতায় বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার। কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে এই অর্থ নির্ধারণ করতেন। নতুন নিয়মে ১০ হাজার ও ২০ হাজার ডলার— এই দুটি বিকল্প থাকবে।
এর আগে, অবৈধ অভিবাসন কমানো এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা ঠেকাতে ট্রাম্প প্রশাসন গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হিসাবে, ভিসার মেয়াদ শেষে দেশে থেকে যাওয়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার ও ফেরত পাঠাতে সরকারের প্রায় ১৮ হাজার ডলার খরচ হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দাবি, কর্মসূচিটি ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। ২০২৪ সালে তালিকাভুক্ত ৫০টি দেশের প্রায় ৪৫ হাজার ৫০০ নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে পরীক্ষামূলক কর্মসূচির প্রথম ১০ মাসে বন্ডের আওতাভুক্ত আবেদনকারীদের মধ্যে এই সংখ্যা ৫০ জনেরও নিচে নেমে আসে।





