রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন | ছবি: জাতীয় সংসদের ফেসবুক
1

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। তফসিল নির্ধারণ হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।’

সিইসি আরও জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে চলমান বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘ওই আসনসংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে রেফারেন্স এলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এর আগে, সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে।

আরও পড়ুন

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে, রোববার (২৬ জুলাই) সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আইন ও সাংবিধানিক প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। পরে স্পিকারের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য প্রথমে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এনএইচ