২৫ এপ্রিল ২০২৬। ঐতিহ্যগতভাবে এপ্রিল মাসের শেষ শনিবার ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে বার্ষিক নৈশভোজ আয়োজন করেছিলেন হোয়াইট হাউজ সংবাদদাতারা। হেভিওয়েট মন্ত্রিসভা আর স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অনুষ্ঠানে এক পর্যায়ে শট গান নিয়ে ভেন্যুতে প্রবেশের চেষ্টা করেন কোল অ্যালেন নামের এক ব্যক্তি, গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা।
এ রোমহর্ষক ঘটনার ৩ মাস পর অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজ। আয়োজন সংক্ষিপ্ত হলেও উপস্থিত ছিলেন ট্রাম্প। গণমাধ্যমের সততা নিয়ে কৌতুক-উপহাস করে আবারও শিরোনাম হয়েছেন খবরের।
দ্বিতীয় মেয়াদেও সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সাপে-নেউলে। নৈশভোজে ১ ঘণ্টার দীর্ঘ ভাষণেও সেই ছাপ পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে গেলেও বিদ্রূপ করেছেন সংবাদকর্মীদের। সরাসরি উপহাস করেছেন সিএনএনের প্রতিবেদন নিয়ে। তবে এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিলো ট্রাম্প-২০২৮ লেখা টুপি উন্মোচন পর্ব। রসিকতা করে বলেই ফেললেন, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা কিন্তু মিলেমিশে ভালোই কাজ করছি। আপনাদের কতটা গুরুত্ব দেই সেটা বোঝাতেই এখানে এসেছি। আপনার জনপ্রিয়তার রেটিং বাঁচানোই আমার কাজ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
চাতুর্যের সঙ্গে ট্রাম্পের এসব রসিকতার উপযুক্ত জবাব দিয়েছেন সংবাদকর্মীরা। একজন প্রেসিডেন্টকে নিয়ে কৌতুক করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হলেও যুক্তরাষ্ট্রের সংবিধানই এ ধরণের মত প্রকাশের স্বাধীনতা দেয়- এমন তির্যক আঙ্গিকে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন, রয়টার্স।
তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, যে প্রতিবেদনের কারণে মানহানির মামলা করছিলেন ট্রাম্প তারই প্রতিবেদকদের মর্যাদাপূর্ণ ক্যাথরিন গ্রাহাম অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পুরস্কার দেয়া হয়েছে।
শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ৭ জন সংবাদকর্মী।
প্রতিবেদনের বিবরণ ও নাম ঘোষণার সময় ট্রাম্পের অভিব্যক্তি ছিলো চোখে পড়ার মতো। বিব্রত হলেও শেষ পর্যন্ত বিজয়ীদের সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।





