বিজিবির অভিযান: টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক

আটক জুয়া চক্রের ৯ সদস্য
আটক জুয়া চক্রের ৯ সদস্য | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনের অংশ হিসেবে গত প্রায় তিন মাস ধরে একটি অনলাইন জুয়া চক্রের ওপর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে চক্রটির সদস্যদের পরিচয়, কার্যক্রম এবং অবস্থান শনাক্ত করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে চক্রটি বিপুল পরিমাণ অর্থ লগ্নি করে অনলাইন বেটিং পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মন্ডলপাড়ায় চক্রটির দুটি আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে চারদিক থেকে ঘিরে ৯ জনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ, ডিজিটাল তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং প্রাথমিক তদন্তে তাদের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন:

প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্মে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেন করতেন। এছাড়া কয়েকজন ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালনা করতেন। তাদের অর্থ লেনদেনের ইতিহাসে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। চক্রটি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করত বলেও তদন্তে উঠে এসেছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অনলাইন জুয়াসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএ