নেত্রকোণায় খেলা দেখে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার পূর্বধলায় আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ (সোমবার, ২০ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। নিহত আব্দুল হামিদ স্থানীয় মৃত সদর শেখের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাতে আব্দুল হামিদ ব্যক্তিগত কিছু কেনাকাটার জন্য নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বহুলী বাজারে যায়। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ধারণা করেন তিনি বাজারের কোথাও বসে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখছেন।

এইদিকে খেলা শেষে ভোরে স্থানীয় প্রতিবেশী আতিক মিয়া বাড়ি ফেরার পথে বহুলী মধ্যপাড়া গ্রামে নাদিম মিয়ার পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে তার বাবাকে বিষয়টি জানান। পরে আতিকের বাবা ও স্থানীয় প্রতিবেশীরা পুকুর থেকে মরদেহটি ওপরে তোলেন।

আরও পড়ুন:

নিহতের ছেলে জজ মিয়া মরদেহটি তার পিতার বলে শনাক্ত করেন এবং প্রতিবেশীদের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যান।

এই বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করেছি। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, আমরা নিহতের পরিবার সূত্রে জানতে পেরেছি বৃদ্ধ আব্দুল হামিদ চোখে কম দেখতেন। তাই প্রাথমিকভাবে ধারণা করছি, খেলা শেষে বাড়ি ফেরার পথে কাঁদায় পিছলে পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এফএস