রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেল ৩টায় শুরু হবে। শোভাযাত্রায় তিনটি সুবিশাল ও অত্যাধুনিক ফোল্ডিং রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহণ করানো হবে। লক্ষাধিক ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে শোভাযাত্রাটি ইসকন স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঢাকার প্রধান প্রধান রাজপথ প্রদক্ষিণ শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে এবং তা পুনরায় ইসকন স্বামীবাগ আশ্রমে ফিরে আসার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে। ৯ দিনব্যাপী আয়োজিত এই রথযাত্রা উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায় থাকছে শ্রীশ্রী জগন্নাথদেবের লীলাকথা, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী ও ভজন কীর্তন, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ।
রথযাত্রা শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)। এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী গোকুল ভি কে।





