‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ।’ তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
একইসঙ্গে রাষ্ট্রপতি আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবপ্রজন্মের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যাদের অনেকে পঙ্গুত্ববরণ করে আজও যন্ত্রণাময় জীবনযাপন করছেন। তিনি শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বাণীতে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত ও গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন তরুণের আত্মাহুতি আন্দোলনকে এক নতুন মোড় ও তীব্রতা দিয়েছিল। পরবর্তীতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আটক, জেল-জুলুম এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই মূলত এই গণঅভ্যুত্থান সূচিত হয়।
রাষ্ট্রপতি স্পষ্টভাবে বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন বা অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, অসীম সাহস ও আত্মত্যাগের এক অনন্য ফসল।
তিনি আরও বলেন, জুলাই শহিদদের এই মহান আত্মদান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক কেবলই জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের এই রক্তক্ষয়ী চেতনা আমাদের একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত নতুন রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়।
রাষ্ট্রপতি বলেন, শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি প্রদান, তাদের পরিবারের কল্যাণ নিশ্চিতকরণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এই মানবিক ও জাতীয় উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও চির শান্তি কামনা করেন এবং ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।





