নদীতে ঝাঁপ দেয়ার তিন ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার

শিক্ষার্থী শর্মিলা খাতুন
শিক্ষার্থী শর্মিলা খাতুন | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমারখালি ও যদুবয়রা সংযোগ গড়াই সেতুর ওপর থেকে ঝাঁপ দেয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

উদ্ধারের পর শর্মিলা খাতুন (২৩) নামের ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, সাঁতার জানায় শর্মিলা নদীতে ঝাঁপ দেয়ার পর প্রায় দেড় কিলোমিটার দূরে রাত দশটার দিকে উপজেলার জিলাপিতলা এলাকায় নিজেই নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানান, ওই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত। এর আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য করে সন্ধ্যা সাতটার দিকে গড়াই নদীর যদুবয়রা সেতু থেকে ঝাঁপ দেন কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি সম্মান তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী। তিনি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘উদ্ধারের পর ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এএইচ