কৃষি অধিদপ্তরের সাবেক পরিচালক গাজী সালাহউদ্দিনের ইন্তেকাল

গাজী সালাহউদ্দিন
গাজী সালাহউদ্দিন | ছবি: সংগৃহীত
0

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ গাজী সালাহউদ্দিন (৮১) মারা গেছেন। কানাডার অন্টারিও শহরের অ্যাজাক্সে লেকেরিজ হাসপাতালে গতকাল (সোমবার, ১৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে মারা যান তিনি।

মৃত‍্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ‍্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে বিসিএস (কৃষি) ক্যাডারের সরকারি চাকরিতে যোগ দেন আশির দশকে। দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়ন ইউনিটের পরিচালক ছিলেন। উচ্চশিক্ষা শেষে তার ছেলে মনজুর মোরশেদ কানাডা এবং মেয়ে খালেদা নাসরিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

তার মৃত্যুর বিষয়টি জানিয়ে তার পরিবারের সদস্যরা জানান, কানাডায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে সপ্তাহখানেক আগে গাজি সালাহউদ্দিনের ব্রেইন স্ট্রোক হয়। হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দুপুরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় পিকারিং ইসলামী সেন্টারের ওসমান মসজিদে আগামীকাল গাজী সালাহউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে।জানাজা শেষে সেখানকার মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

এএইচ