২০২৬ বিশ্বকাপ: ফুটবল আকৃতির বিশেষ ক্রোস্যান্ট তৈরি করলো ‘মামান বেকারি’

ফুটবল আকৃতির বিশেষ ক্রোস্যান্ট
ফুটবল আকৃতির বিশেষ ক্রোস্যান্ট | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ‘মামান বেকারি’ তৈরি করেছে ফুটবল আকৃতির বিশেষ ক্রোস্যান্ট। দেখতে যেন ছোট্ট একটি ফুটবল, আর তার ওপরে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা। বিশ্বকাপ আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর উৎসবমুখর পরিবেশকে ঘিরেই এই ব্যতিক্রমী আয়োজন।

বিশ্বকাপের উত্তেজনা এখন মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে শহরের অলিগলি, রেস্তোরাঁ আর বেকারিতেও। ফুটবলপ্রেমীদের সেই উন্মাদনায় ভিন্ন স্বাদ যোগ করেছে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি বেকারি।

‘মামান বেকারি’ তৈরি করেছে ফুটবল আকৃতির বিশেষ ক্রোস্যান্ট। ক্রোস্যান্টগুলোর ওপরে রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স ও উরুগুয়ের খাওয়ার উপযোগী পতাকা। তবে শুধু বাইরের সাজ নয়, প্রতিটি ক্রোস্যান্টের ভেতরের স্বাদও আলাদা। যে দেশের পতাকা, সেই দেশের পরিচিত স্বাদের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে এর ফিলিং।

ব্রাজিলের ক্রোস্যান্টে রয়েছে আসাই পিউরি, যুক্তরাষ্ট্রেরটিতে চকোলেট বাটারক্রিম, আর্জেন্টিনারটিতে পেয়ারা পিউরি, মেক্সিকোরটিতে আমের পিউরি, ফ্রান্সেরটিতে স্ট্রবেরি-লেবুর ফিলিং এবং উরুগুয়েরটিতে রয়েছে ডুলসে দে লেচে।

বেকারিটির পেস্ট্রি শেফ সারাহ ইফরাহ ওহানা বলছেন, বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের মিলনমেলা। সেই ভাবনা থেকেই প্রতিটি দেশের স্বাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

ক্রেতারাও দারুণ সাড়া দিচ্ছেন এই উদ্যোগে। অনেকেই বলছেন, প্রিয় দলের পতাকা খচিত ক্রোস্যান্ট হাতে খেলা দেখার অনুভূতিই আলাদা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের চকোলেট বাটারক্রিম ক্রসোঁটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

১১ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল। আর ১৮ জুলাই বসবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেই দুই ম্যাচকে সামনে রেখে শহরে ফুটবল জ্বর যখন তুঙ্গে, তখন এই বিশেষ ক্রোস্যান্ট যেন বিশ্বকাপ উৎসবে যোগ করেছে নতুন এক মিষ্টি মাত্রা।

ইএ