আসামির মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, ৫ পুলিশসহ আহত ১৫

থানার সমানে স্থানীয় জনতা
থানার সমানে স্থানীয় জনতা | ছবি: এখন টিভি
0

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চুরি ও মাদক মামলার এক আসামির মৃত্যুর গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশসহ চারজনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চুরির মামলায় গতকাল (বুধবার, ৮ জুলাই) সন্ধ্যায় রিয়াজ ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব স্বজনদের মাঝে ছড়িয়ে পরে। তখন বাকাল ইউনিয়নে ফুলশ্রী গ্রাম থেকে রিয়াজের স্বজন ও শতাধিক এলাকাবাসী থানার ভেতরে মিছিল নিয়ে প্রবেশের চেষ্টা করে।

পুলিশ বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এসময় থানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রিয়াজ অসুস্থ হলে তাকে হাসপাতালের ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় মৃত্যুর গুজব ছড়িয়ে পরে।

আরও পড়ুন:

এদিকে গ্রেপ্তারকৃত রিয়াজের স্বজনদের দাবী, পুলিশ রিয়াজকে ধরে নিয়ে অতিরিক্ত মারধর করে। মৃত্যুর খবরে থানায় গেলে পুলিশ স্বজনদের ওপর নির্বিচারে হামলা করে বলে অভিযোগ স্বজনদের।

চিকিৎসকরা জানান, রিয়াজের মাথায় আঘাত রয়েছে, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, ‘চুরির মামলায় রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল। হাজতে থাকাকালে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’

থানায় হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থার গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।

তিনি বলেন, ‘রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে শতাধিক ব্যক্তি থানায় হামলা চালিয়েছেন এবং কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছেন। ঘটনার পর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এসএস