ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৮১১

ড্রোনে তোলা ছবিতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলো
ড্রোনে তোলা ছবিতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলো | ছবি: রয়টার্স
0

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে। গতকাল (বুধবার, ৮ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য প্রকাশ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সবশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ জুনের এই ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৯০৭ জন।

ভূমিকম্প পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তার ভাষ্য, অবরুদ্ধ থাকা অ্যাকাউন্টগুলো ছেড়ে দিলে পুনর্গঠনের অর্থায়নে সাহায্য করার মতো যথেষ্ট বৈদেশিক সম্পদ দেশটির রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিতে প্রেসিডেন্ট বলেন, ‘ভেনেজুয়েলার এমন সম্পদ বিশ্বজুড়ে অবরুদ্ধ রয়েছে, যা এই পুনর্গঠন প্রক্রিয়ায় কাজে লাগানো যেতে পারে।’ তিনি আরও জানান, কর্মসংস্থান ও শিক্ষা কর্মসূচির জন্যও তহবিল দরকার।

গত দুই দশকে গণতন্ত্রবিরোধী কার্যক্রম ও দেশটি মাদক পাচারকারীদের অভয়ারণ্য বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশ ভেনেজুয়েলার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যবস্থার অনেকগুলোই এখনো বহাল রয়েছে। তবে এ বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর ওয়াশিংটন দেশটির তেল খাতে সীমিত পরিসরে ছাড় দিয়েছে। ভূমিকম্পের পর নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ থাকা ভূমিকম্প ত্রাণ সংক্রান্ত লেনদেনগুলোর জন্য চার মাসের অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেলসি রদ্রিগেজ জানান, ব্যাংক অব ইংল্যান্ডে জমা থাকা ভেনেজুয়েলার স্বর্ণ ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে তিনি রাজা তৃতীয় চার্লসকে একটি চিঠি পাঠিয়েছেন। তহবিল ছাড়ের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের সঙ্গেও তিনি কথা বলেছেন।

ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩১ টন স্বর্ণ ছেড়ে দিতে ব্যাংকটি অস্বীকৃতি জানিয়ে আসছে। এই স্বর্ণ ব্রিটিশ আদালতে দীর্ঘদিন ধরে চলা এক আইনি লড়াইয়ের বিষয়বস্তু।

এএম