শেষ ষোলোর মহারণে মেসি-সালাহ দ্বৈরথ আজ

মেসি-সালাহ
মেসি-সালাহ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকান ফুটবলের সফলতম দেশ মিশর। তবে দুই দলের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহর দ্বৈরথ। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রাত ১০টায়।

৯৬ বছরের পুরাতন এক রেকর্ড হাতছানি দিচ্ছে লিওনেল মেসির সামনে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার গুইলার্মো স্তাবিল করেছিল ৮ গোল। এরপর আর কখনোই কোনো আর্জেন্টাইন ফুটবলার এক বিশ্বকাপে ৮ গোল করতে পারেননি। লিওনেল মেসির সামনে আজ আছে সেই সুযোগ। কিন্তু, মেসির জন্য কাজটা ঠিক কতটা সহজ হবে, সেটিও প্রশ্নের বিষয়। রাউন্ড অব সিক্সটিনে মেসির আর্জেন্টিনাকে খেলতে হবে আফ্রিকান ফুটবলের জায়ান্ট মিশরের বিপক্ষে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ গোল পেয়েছেন মেসি। পুরো দলে সেট পিসের বাইরে থেকে গোল করেছেন কেবল লা পুলগা। মিশর ম্যাচের আগে আপাতত সেটাই কিছুটা ভাবনা আর্জেন্টিনার জন্য। ছন্দে নেই থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজসহ একাধিক ফুটবলার। কোচ লিওনেল স্ক্যালোনির ভাবনাও আছে সেসব নিয়ে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘আমার মনে হয় বেশিরভাগ খেলোয়াড়, এবছর অনেক ম্যাচ খেলেছে যার কারণে তারা কিছুটা ক্লান্ত। আর সে কারণেই আমার ধারণা, তাদের নিজেদের সর্বোচ্চটা দিতে পারছে না। সেটা মেনে নিয়েই বলছি, আর্জেন্টিনার খেলা মেনে নেয়ার মতোই। আমরা চার ম্যাচের সবই জিতেছি। মনে হয় তাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত।’

আগের ম্যাচেই ৩৯ বছর বয়েসী মেসি খেলেছেন পুরো ১২০ মিনিট। মিশর ম্যাচে প্রতিপক্ষ বিবেচনায় তাকে শুরুর একাদশে রাখার কথা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘মেসি ঠিক আছে। আমাকে ক্লান্তি নিয়ে কিছু বলেনি। যদিও ৩৯ বছর বয়সে সে গতম্যাচে ১২০ মিনিট খেলেছে। সে আমাকে কিছু বলেনি, তাই সে খেলবে। আর মিশর খুব ভালো দল । কারণ তাদের দলেও সেরা খেলোয়াড় আছে। আর তাদের এমন একজন কোচ আছেন, যিনি অনেক দিন ধরেই দলের সঙ্গে কাজ করছেন।’

এদিকে আর্জেন্টিনাকে সমীহ করলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টেক্কা দিতে পালটা কৌশলও তৈরি আছে বলে জানালেন মিশর কোচ হোসাম হোসেন।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা বর্তমান শিরোপাধারী। তাদের প্রতি আমাদের সম্মান আছে। তাদের অর্জনের কথা মাথায় রেখেই বলছি আমাদের নিজস্ব চরিত্র আর অবস্থান আছে। আল্লাহ সহায় হলে আমরা সেভাবেই মাঠে খেলবো।’

দুই দলের মুখোমুখি এটি দ্বিতীয় ম্যাচ। এর আগের একমাত্র ম্যাচে আর্জেন্টিনার জয় ছিল ২-০ গোলে। এছাড়া আফ্রিকান দেশের বিপক্ষে বিশ্বকাপে টানা ৮ জয়টাও বিগ ম্যাচের আগে আর্জেন্টিনার স্বস্তি।

জেআর