বংশাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বংশাই নদীতে ভাসমান মরদেহ
বংশাই নদীতে ভাসমান মরদেহ | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। আজ (সোমবার, ৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ্ব একাব্বর হোসেন সেতুর নিচে মরদেহটি ভেসে থাকতে দেখেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেতুর নিচে মরদেহটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। মরদেহের চারপাশে কয়েকটি কাক দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

জানা যায়, মরদেহটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা মরদেহটি দু-তিন দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানিতে পচে ফুলে ওঠায় মরদেহটি ভেসে উঠেছে।

আরও পড়ুন:

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন, কোনো দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর আলামত নষ্ট করতে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

এসএইচ