সময়ের সঙ্গে জনপ্রিয় হয়েছে ফুটবল, বেড়েছে খেলার গতি। আগের সব আসরকে ছাড়িয়ে গোলের হিসেবে নতুন ইতিহাস গড়েছে ২০২৬ বিশ্বকাপ।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে প্রতি ম্যাচে গোলের গড় ছিল প্রায় ৩.৮৯। ১৯৫৪ সালের আসরে সর্বোচ্চ গোল গড় ছিলো ৫ দশমিক ৩৮। এরপর ১৯৯০ ইতালি বিশ্বকাপে নেমে আসে মাত্র ২ দশমিক ২১-এ। আবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ দশমিক ৬৭। ২০২২ কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২ গোল, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৫০ গোল।
আর এবার ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের ঝড়। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে গোলের গড় ছিল প্রায় ২ দশমিক ৯৪, যা ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। এরপর নকআউটেও বজায় আছে সেই ধারাবাহিকতা ।
সবচেয়ে বড় বিষয়, এই আসর ইতোমধ্যেই ২০২২ কাতারের ১৭২ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। ২০২৬ বিশ্বকাপে গোলসংখ্যা ১৭৩ ছাড়িয়ে গেছে, আর টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এটি সর্বকালের সর্বোচ্চ গোলের বিশ্বকাপে পরিণত হয়েছে।
এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। ৪৮ দলের অংশগ্রহণ, ১০৪ ম্যাচের দীর্ঘ সূচি, ছোট দলগুলোর সাহসী আক্রমণাত্মক ফুটবল এবং তারকাদের দুর্দান্ত ফিনিশিং। তাই পরিসংখ্যান বলছে, শুধু ম্যাচের সংখ্যা নয় গোলের ধারাবাহিকতা ও আক্রমণাত্মক ফুটবলের দিক থেকেও ২০২৬ বিশ্বকাপ জায়গা করে নিয়েছে ইতিহাসের অন্যতম সেরা আসরের কাতারে।
প্রশ্ন এখন একটাই ফাইনাল পর্যন্ত এই গোল বন্যা কোথায় গিয়ে থামে? নতুন কোন কোন রেকর্ড অপেক্ষা করছে? বিশ্বকাপের ইতিহাসে ২০২৬ কি শেষ পর্যন্ত গোলের সর্বকালের সেরা আসর হিসেবেই লেখা থাকবে?





