বিলি জিন, থ্রিলার, বিট ইট, ব্ল্যাক অর হোয়াইট, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস কিংবা গিভ ইট টু মি- একের পর এক হিট নাম্বার দিয়ে টানা কয়েক দশক কাঁপিয়েছেন বিল বোর্ডের টপ চার্ট। সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত সিনেমাও যে বক্স অফিসে ইতিহাস গড়বে- তা অনুমেয়ই ছিলো, তবে, শুধু বক্স অফিস হিট নয়, বায়েপিকের ইতিহাসে এটি ভেঙ্গে দিয়েছে অতীতের সব রেকর্ড।
৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করে এরই মধ্যে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল বায়োপিকের স্বীকৃতি পেয়েছে অ্যান্টনি ফুকুয়া নির্মিত সিনেমা ‘মাইকেল’। এর মধ্যে দিয়ে ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী চলচ্চিত্র ওপেনহাইমারকেও পেছনে ফেললো মাইকেল জ্যাকসনের বায়োপিক। পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৯৭ কোটি ৫০ লাখ ডলার।
আরও পড়ুন:
শুধু তাই নয়, সংগীতশিল্পীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে মাইকেল। আলোচিত ব্রিটিশ ব্যান্ড কুইনের প্রধান কণ্ঠশিল্পী ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত সিনেমা, বোহেমিয়ান র্যাপসোডির আয় ছিল ৯১ কোটি ১০ লাখ ডলার।
তবে বিদেশের মাটিতেই বেশি সফল মাইকেল সিনেমাটি। এপ্রিলের মুক্তির পর উত্তর আমেরিকা থেকে চলচ্চিত্রটির আয় ৩৭ কোটি ২০ লাখ ডলার। বাকি ৬০ কোটি ৭২ লাখ ডলার এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। এরমধ্যে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে মাইকেল। সংগীতভিত্তিক বায়োপিকের উদ্বোধনী সপ্তাহে এটিই সর্বোচ্চ আয়ের মাইলফলক।
মাইকেল সিনেমায় জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইপো জাফর জ্যাকসন। অভিষেকেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছেন এই নবাগত। তবে জ্যাকসনের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে যাওয়ায় অনেকেই সিনেমাটিকে সেইফ বায়োর আখ্যা দিয়ে সমালোচনা করেছেন।
এদিকে, প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ঘরে বসেই মাইকেল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আন্তর্জাতিক গণমাধ্যম রোলিং স্টোনের প্রতিবেদন, চলচ্চিত্রটি ইতোমধ্যেই ফিজিক্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। অ্যামাজনে এরইমধ্যে সিনেমার 'ফোরকে আল্ট্রা এইচডি ব্লুরে সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।





