তিন্দু বিদ্যালয়ের জাতীয়করণে খুশি শিক্ষক-শিক্ষার্থী সবাই

তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | ছবি: এখন টিভি
0

নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন যোগাড় করতেন স্কুলের প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম থানচির সেই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়ায় উচ্ছ্বসিত স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী। পাহাড়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের শিক্ষা বিস্তারে সরকারের এমন সিদ্ধান্তে খুশি অভিভাবক ও এলাকাবাসী।

বান্দরবান থানচি সদর থেকে ইঞ্জিন চালিত নৌকা করে প্রায় এক থেকে দেড় ঘণ্টা নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় তিন্দু এলাকায়। আর নৌকা দিয়ে সাঙ্গু নদীতে যাত্রী পার করছে তিন্দু স্কুলের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। শিক্ষকদের বেতন যোগাড় করতে ছুটির দিনে নৌকা চালান তিনি।

২০২০ সালে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। তবে অধিকাংশ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন যোগাড় করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন যোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নিজেই শুরু করে যাত্রী পরিবহন।

তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলে বলেন, ‘আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে এরকম যে আমরা নিয়মিত বেতন পাবো। এর সঙ্গে আমরা শিক্ষক ডরমেটরি, ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস, কারণ এখানে দুর্গম এবং যাতায়াতের খুবই সমস্যা।’

আরও পড়ুন:

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তার নির্দেশে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে খুশি শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।

শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমাদের বিদ্যালয় সরকারি হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের পুরো তিন্দু ইউনিয়নে একটা মাধ্যমিক স্কুল। এটা সরকারিকরণ হওয়ায় আমরা শিক্ষার আলোটা আরও বাড়াতে পারবো বলে আমরা মনে করি।’

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী নিজের আগ্রহে আমাদের জন্য এতবড় একটা সুখবরের ব্যবস্থা করে দিয়েছেন। এটার জন্য পুরো বান্দরবানবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’

বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছে।

এসএস