আজ (বুধবার, ১ জুলাই) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
সকাল প্রায় ১১টার দিকে তিন ব্যক্তি জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মিয়ানমার থেকে আনা ইয়াবার চালান নিয়ে আলু গোলা পোস্টসংলগ্ন বেড়িবাঁধের দিকে আসছিলো। সন্দেহভাজনদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর দু’জন পালিয়ে যায়।
আরও পড়ুন:
আটক ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
আটক ব্যক্তি হলেন— টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (৩৮)।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’





