ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

জাপানের বিমানবন্দর
জাপানের বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

জাপানের দিকে ধেয়ে আসা দু’টি ক্রান্তীয় ঝড়ের কারণে আজ (শুক্রবার, ২৬ জুন) ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। পাশাপাশি কয়েকটি এলাকায় সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, টাইফুন থেকে দুর্বল হয়ে আসা শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘মেখালা’ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। এরইমধ্যে জাপানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

ঝড়টি সপ্তাহান্তে কিউশু ও শিকোকু দ্বীপের পাশ দিয়ে অগ্রসর হতে পারে। একই সময়ে প্রশান্ত মহাসাগরের আরও দূরে অবস্থান করা আরেকটি ক্রান্তীয় ঝড় ‘হিগোস’-এর সঙ্গে মিলিত হওয়ার শঙ্কাও রয়েছে।

দু’টি ঝড়ের এমন পারস্পরিক প্রভাবকে আবহাওয়াবিদরা ‘ফুজিওয়ারা প্রভাব’ হিসেবে বর্ণনা করেন। যা ঝড়গুলোর গতিপথ ও শক্তির পূর্বাভাসকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন:

জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ যথাক্রমে ৭০টি ও ৫০টি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইট ছিল ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের সঙ্গে সংযুক্ত।

কিয়োটো অঞ্চলের কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষকে সম্ভাব্য ভূমিধসের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।

কিয়োটো ও ওসাকা উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান নদীগুলোর পানির স্তর বাড়ছে এবং সম্ভাব্য বন্যার ঝুঁকিতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:

এদিকে কিয়োটো নিউজ নিশানের বরাত দিয়ে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সড়ক বন্ধ থাকায় টয়োটা কিউশুর একটি কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কিছু উৎপাদন লাইন বন্ধের পরিকল্পনার করা হয়েছে।

কিয়োটো জানিয়েছে, জাপানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার অংশ হিসেবে মিয়াকো দ্বীপে ভি-২২ অসপ্রে পরিবহন বিমানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটও বাতিল করেছে।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

এসএস