যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে দলের গতিপথ নির্ধারণে সাহায্য করে দলের প্রাইমারি নির্বাচন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ক্লোজড প্রাইমারি রেস। নিজ দলের প্রাইমারিতে ভোট দিয়েছেন নিবন্ধিত ডেমোক্র্যাট এবং রিপাবলিকান ভোটাররা।
সহযোগী প্রার্থীদের উৎসাহ দিতে এদিন লোয়ার ম্যানহাটনের একটি ভোটকেন্দ্রের বাইরে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ভোটার ও সমর্থকদের অভিবাদন জানিয়ে কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডার এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রার্থী ইলাপ্পা সাইরিতুপাকের প্রচারণায় অংশ নেন তিনি। বলেন, নিউ ইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন ব্যবস্থা তৈরি করবেন তার সমর্থিত প্রার্থীরা।
এছাড়াও এবার ডেমোক্র্যাটিক প্রাইমারি রেসে বড় ঝুঁকি নিয়ে তিন সহযোগীকে সমর্থন দেন নিউ ইয়র্ক সিটি মেয়র। আর শেষ পর্যন্ত জয়ও হয়েছে মামদানির রাজনৈতিক দূরদর্শিতার। ডেমোক্র্যাটিক হাউসের প্রাইমারিতে বিজয় ছিনিয়ে এনেছেন সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এবং দুই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট- দারিয়ালিজা আভিলা শেভালিয়ার ও ক্লেয়ার ভালদেজ। আফ্রো-ল্যাটিনা সমাজকর্মী দারিয়ালিজা এবং শ্রমিক ইউনিয়ন সংগঠক ভালদেজ মামদানির প্রগতিশীল বামপন্থী আন্দোলনের সহযাত্রী।
নিউ ইয়র্ক টাইমসের খবর মঙ্গলবার রাতে ফলাফলের আভাস পাওয়ার পর ব্রুকলিন থেকে আপার ম্যানহাটন- তিনটি এলাকায় নির্বাচনী বিজয় উৎসবে দেখা গেছে মামদানিকে। ২০২৫ সালে মেয়র নির্বাচিত হয়ে কট্টরপন্থীদের চমকেই দিয়েছিলেন জোহরান মামদানি। এবার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীদের সমর্থন দিয়ে ও তাদের বিজয়ী হিসেবে পেয়ে প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটদের মোকাবিলা করার সাফ বার্তা দিলেন তিনি।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সমর্থিত প্রার্থীদের জয় ইঙ্গিত করে, নিউ ইয়র্কের রাজনীতিতে এখন অন্যতম ক্ষমতাধর ব্যক্তি মামদানি। কারণ, ডেমোক্রেটিক সোশ্যালিস্টসহ অন্তত আরও পাঁচ প্রার্থীর জয়ের পেছনে আছে মামদানির সমর্থন। যেখানে দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনৈতিক গভর্নর ক্যাথি হোকুল এবং হাকিম জেফ্রিসের সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছে।





-320x167.webp)