বুয়েনেস আইরেস থেকে বাংলার রাজধানী ঢাকা। লিওনেল মেসির জন্য ভক্তদের উন্মাদনা কি আর শেষ আছে! তবে শুধু পাড় ভক্তই নয়, গোটা দুনিয়ার রথীমহারথীরাও এখন বুদ হয়ে আছে খুদে জাদুকরের পায়ের জাদুতে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসি যার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন তিনি বিশ্ববরেণ্য জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। সঙ্গেই ছিলেন আরেক জার্মান কিংবদন্তি থমাস মুলার। মাঠের প্রতিপক্ষ থেকে যারা এখন বনে গেছেন নিতান্তই বিমোহিত ভক্ত-সমর্থক। তাইতো অকপটেই ক্লপ বলে দিতে পারেন, মেসির মতো খেলোয়াড় আর আমরা কখনোই দেখব না।
আরও পড়ুন
যেই মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করলেন তিনিও মেনে নেন, সর্বকালের সেরা তো একজনই লিওনেল আন্দ্রেস মেসি। মেসি বলেই হয়তো ক্লোসা অনায়াসেই বলতে পারেন, রেকর্ড তো একদিন ভেঙেই যেতো, তিনি এজন্য খুশি যে মেসির মতো একজন তার রেকর্ড ভেঙেছেন।
মেসি বন্দনায় ভেসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তো সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড রোনালদো নাজারিও। তিনি বলেন, ‘পরিসংখ্যানই প্রমাণ করে মেসি সবাইকে ছাড়িয়ে গেছে।’
৩৮ বছর বয়সেও মেসির দুরন্তপনা দেখে রোনালদো মজা করেই বলে ফেলেন, আমিতো এর চার বছর আগেই অবসরে চলে গিয়েছিলাম, ওজন হয়ে গিয়েছিল ১২০ কেজি!
সুইডেন কিংবদন্তি ইব্রাহিমোভিচের মতে, পেনাল্টিটা মিস করার পর মনে হচ্ছিল মেসি সত্যিই মানুষ। তারপর আবার এমন গোল করলো মনে হলো সে আসলে অতিমানব। একই সুরে ফরাসি কিংবদন্তি থিয়েরি অরিঁও বলতে পারেন, শুধুমাত্র রেকর্ডের জন্য মেসি সেরা নন। তিনি আবারও প্রমাণ করলেন, রাজা এখনো ময়দানেই আছেন আর নিজের জয়গাথা লিখে যাচ্ছেন। আলবিসেলেস্তাদের গুরু লিওনেল স্কালোনিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলে গেলেন, মেসি যা করে তা অবিশ্বাস্য। সত্যি বলতে মেসি নিয়ে বলার মতো আর ভাষা নেই।
শুধু কিংবদন্তিই না, এ বিশ্বকাপেই গোল্ডেন বুটের দৌড়ে মেসি যাদের টেক্কা দিচ্ছেন সেই হালান্ড-এমবাপ্পেরাও প্রকাশ্য বলছেন, মেসি একজন ম্যাডম্যান। সে তাদের থেকে অনেকটাই এগিয়ে। ৩৯ ছুইঁছুইঁ মেসি যেমন এখনো অপ্রতিরোধ্য, মানুষের মনেও তিনি যেন অজেয়, অভাবনীয়, অতিমানবীয়। দ্য ম্যাজিক ম্যান। দু পায়ে বল নিয়ে যিনি সবাইকে টেনে আনতে পারেন একরেখায়।





