দিন দুয়েক পরেই নিজের ৩৯তম জন্মদিন। তবে বয়সটাকে এখন পর্যন্ত ফ্রেমে বন্দী রেখেই ছুটছেন লিওনেল মেসি। আগের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক পেয়েছেন। সেই সঙ্গে গ্রেটেস্ট শো অন আর্থের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। সেই তালিকায় অবশ্য এখনও তার পাশেই আছেন জার্মান গোলমেশিন মিরোস্লাভ ক্লোসা। মেসির সমান ১৬ গোল তারও। অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে আর এক গোল করলেই এককভাবে এ তালিকার শীর্ষে উঠবেন এলএমটেন।
অস্ট্রিয়ার বিপক্ষে গোল পেলে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে স্কোরশিটে উঠবে মেসির নাম। এর আগে এমন কীর্তি ছিল কেবল ফ্রান্সের জাঁ ফন্তে এবং ব্রাজিলের জর্জিনহোর। মেসি নাম তুলবেন সেই অনন্য তালিকায়। কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে ২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব পর্যন্ত বিস্তৃত মেসির গোলের ধারা।
আরও পড়ুন:
এর আগে কখনোই বিশ্বকাপের মঞ্চে অস্ট্রিয়ার বিপক্ষে খেলা হয়নি আর্জেন্টিনার। নতুন প্রতিপক্ষের বিপক্ষে লিওনেল মেসির গোলের পাশাপাশি অ্যাসিস্টের জন্যেও অপেক্ষা করবেন ভক্তরা। স্বদেশী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের রেকর্ডটা হয়ে যেতে পারে মেসির। সেই সঙ্গে একমাত্র ফুটবলার হিসেবে ৬ বিশ্বকাপে অ্যাসিস্ট করার বিরলতম রেকর্ডও হবে তার।
গোল ছাড়াও আরও এক রেকর্ডে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়াতে পারেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ৫ আসরে খেলে পেয়েছেন ১৭ জয়। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজের করে নিবেন আর্জেন্টাইন এই মহাতারকা। শুরুর একাদশে থাকলে পাওলো মালদিনিকে টপকে এককভাবে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হবে মেসির।





