আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবে রূপ নিয়েছে ডালাস শহর

ডালাস শহরে উচ্ছ্বাস
ডালাস শহরে উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

মাঠের লড়াই শুরুর আগেই উৎসবে রূপ নিয়েছে ডালাস শহর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠেছে কাইল্ড ওয়ারেন পার্ক।

রোববার যুক্তরাষ্ট্রের ডালাসের কেন্দ্রস্থল কাইল্ড ওয়ারেন পার্কে জড়ো হন হাজারো আর্জেন্টাইন সমর্থক। নীল-সাদা পতাকা, ড্রাম আর স্লোগানে পুরো এলাকা রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।

মেসি ও ম্যারাডোনার ছবি সংবলিত ব্যানার, হাতে পতাকা সব মিলিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ আবার সন্ন্যাসীর পোশাক পরে, আবার কেউ আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীকী সাজে হাজির হন। এমনকি ২০২৬ সালের সম্ভাব্য চতুর্থ শিরোপা উদযাপনের প্রতীকী 'ফোর্থ স্টার'-ও দেখা যায় ভক্তদের পোশাকে।

সমর্থক দিয়েগো আল্লুব বলেন, প্রথম ম্যাচে ভালো শুরুর পর তাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এগোতে চায়।

অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেই ঘুরছে ভক্তদের আবেগ। সমর্থকদের মতে, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি বিনয়, সংগ্রাম আর লড়াইয়ের প্রতীক।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচে দুই দলই তিন পয়েন্ট নিয়ে মাঠে নামবে। গ্রুপ জে-র এই ম্যাচে জয় পেলে শেষ ৩২-এ ওঠার পথে বড় সুবিধায় থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মাঠের বাইরের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, বরং এক আবেগ, এক বিশ্বাস আর এক বিশাল উৎসব।

ইএ