বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ক্যালিফোর্নিয়ার কারসনে অনুশীলন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বর্তমান বিধিনিষেধ অনুযায়ী, ম্যাচের ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে খেলার ভেন্যুতে গিয়েছে দলটি। ম্যাচ শেষে আবার ইরানকে মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন ঘাঁটিতে ফিরে যেতে হবে।
এই নিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই। তার দাবি, পুরো বিশ্বকাপে তার দলই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। ইরান জানিয়েছে তারা এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে।
তবে মাঠের বাইরে ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে অসন্তোষ থাকলেও মাঠে খেলোয়াড়দের মনোযোগ ছিল পুরোপুরি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে। অনুশীলন সেশনে পুরো দলকে একত্রিত করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন গালেনোয়েই। স্ট্রেচিং, জগিং এবং ফিটনেস ড্রিলের মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয় ইরান শিবির।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরম্যান্স করা বেলজিয়াম দল বাড়তি সর্তক রয়েছে ইরান দল নিয়ে। বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া জানান, ইরানকে হারাতে হলে তার দলকে নিজেদের সেরাটা খেলতে হবে। কারণ গ্রুপের চারটি দলই বর্তমানে এক পয়েন্ট করে নিয়ে সমতায় রয়েছে।





