ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে উল্লেখ করে ১৭ জুন ট্রাম্প বলেন, ‘আমরা গত কিছু সময় ধরে বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি (মোদি) আসলে অন্যতম কঠোর একজন মধ্যস্থতাকারী।’ ট্রাম্প আরও জানান, মোদি দীর্ঘ সময় ধরে তার বন্ধু এবং তিনি ভবিষ্যতে ভারত সফর করবেন।
গত এক বছরে শুল্ক, পাকিস্তান এবং ইরান যুদ্ধ নিয়ে তৈরি হওয়া উত্তেজনার পর দুই দেশের সম্পর্ক মেরামতের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে মোদির হোয়াইট হাউস সফরের পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি বসলেন। বৈঠকে ওমান উপসাগরে ভারতীয় নাবিক নিহিত হওয়ার ঘটনা এবং তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়।
প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’ মোদির দিকে নির্দেশ করে ট্রাম্প বলেন, ‘যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, তবে আমরা সেখানে থাকবো। তবে নতুন কোনো নেতা এলে আমি সে বিষয়ে নিশ্চিত নই।’ বর্তমানে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির খুঁটিনাটি নিয়ে কাজ করছে।





