ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি
পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ নগরীর বলাশপুরে নির্মাণাধীন ভবনে কাজ না পেয়ে ভবন মালিক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও তার স্ত্রীকে আটকে রেখে মারধরের ঘটনায় মুল অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (বুধবার, ১৭ জুন) রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ব্যাংক লোন নিয়ে বলাশপুর কল মিস্ত্রীর মোড় এলাকায় বাড়ি নির্মাণ করছিলেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। শুরু থেকেই বাড়ির কাজ দেয়া না হলে চাঁদা দাবি করে আসছিলো দুর্বৃত্তরা। এতে রাজি না হওয়ায় গত রোববার (১৪ জুন) বিকেলে ক্ষিপ্ত হয়ে দল বেঁধে নজরুল ইসলাম, তার স্ত্রী ও প্রতিবেশী আরেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বেধড়ক মারধর করে স্থানীয় সাইফুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।

আরও পড়ুন:

হামলা ও মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার সাইফুলসহ কয়েকজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম।

এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

এসএইচ