ড্রোন ও রকেটে ১৯টি হামলা; ইসরাইলি বাহিনীকে পিছু হটানোর দাবি হিজবুল্লাহর

হিজবুল্লাহ
হিজবুল্লাহ | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দুটি স্থল অনুপ্রবেশ প্রতিহত করা এবং ১৯টি পৃথক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ড্রোন, রকেট ও কামানের গোলা ব্যবহার করে ইসরাইলি সেনা, সামরিক যান ও অবস্থানগুলোতে এই হামলা চালানো হয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদনে আনাদোলু এ তথ্য জানানো হয়।

হিজবুল্লাহ জানায়, নাবাতিয়ে গভর্নরেটের কাফারতিবনিতের উপকণ্ঠে মাআবার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা কামান ও ধোঁয়ার আড়াল নিয়ে ইসরাইলি পদাতিক বাহিনীর একটি দল ঢোকার চেষ্টা করে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ওই বাহিনীকে আগে থেকেই তৈরি করা অ্যাম্বুশ এলাকায় আটকে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়, মধ্যম পাল্লার অস্ত্র দিয়ে হামলা করে এবং পরে ঘন কামানের গোলাবর্ষণ করে। এতে ইসরাইলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ গভর্নরেটের মাজদাল জুন শহরেও একটি ইসরাইলি বাহিনী প্রবেশ করে। সেখানেও হালকা ও মাঝারি পাল্লার অস্ত্র এবং রকেট দিয়ে হামলা চালিয়ে বেশ কিছু সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া হিজবুল্লাহ দাবি করেছে, নাবাতিয়ের জাওয়াতার আল-শারকিয়ার উপকণ্ঠে একটি ইসরাইলি ইয়াগি সামরিক যানকে লক্ষ্য করে আবাবিল আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া নাবাতিয়ের কান্তারার কাছে তাল্লাত আল-সালহা এবং দক্ষিণ খিয়ামের তাল্লাত আল-হামামিসে দুটি ইসরাইলি নামেরা সাঁজোয়া যানও আবাবিল ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই স্থানে একটি হামভি সামরিক যানেও সরাসরি আঘাত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এএম