কালো ডার্বি হ্যাট, টুথ ব্রাশের মতো দেখতে গোঁফ আর হাতে লম্বা ছড়ি- এই তিনটি জিনিস কল্পনা করলে সবার চোখে সামনে ভেসে ওঠে বিশ্বখ্যাত ব্রিটিশ কৌতুকাভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সুরকার চার্লি চ্যাপলিনের মুখ।
এই চ্যাপলিনকেই সম্মাননা জানাতে সুইজারল্যান্ডের কর্সিয়ে-সুর-ভেভেতে দেখা গেল ব্যতিক্রমী এক সমাবেশ। নির্বাক চলচ্চিত্রের যুগের কিংবদন্তী চ্যাপলিনের সাজ-পোশাকে তারই বাড়ির সামনে জড়ো হলেন চার শতাধিক ভক্ত-অনুরাগী। লক্ষ্য ছিল নতুন বিশ্ব রেকর্ড গড়া।
আরও পড়ুন:
এই বাড়িতেই জীবনের শেষ ২৫ বছর কাটিয়েছেন চ্যাপলিন। বাসভবনটিকে এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে। জাদুঘর প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে চ্যাপলিনের সাজ নিয়ে এসেছিলেন ৪২৯ জন।
তবে চার্লি চ্যাপলিনের সাজে এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ জমায়েত হওয়ার নতুন রেকর্ড গড়তে পারেননি শেষ পর্যন্ত। ২০১৭ সালে এমনই এক সমাবেশে হাজির ছিলেন ৬৬২ জন।
সুইজারল্যান্ডের ফরাসিভাষী অঞ্চলগুলোর একটি লোজান। এখান থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত ম্যানোয়ার দ্য বান এস্টেটে চ্যাপলিনের সম্মানে এ জাদুঘর গড়ে তোলা হয়। কমিউনিস্ট সমর্থক সন্দেহে চার্লি চ্যাপলিনকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বাধা দেয়া হলে সুইজারল্যান্ডেই স্থায়ী হন বিশ্বনন্দিত এই তারকা।





