বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত ব্যবসায়ীর মরদেহ
উদ্ধারকৃত ব্যবসায়ীর মরদেহ | ছবি: এখন টিভি
0

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে ব্যবসায়ী শামীম নিখোঁজ ছিলেন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ সোমবার সকালে নিহতের বাড়ির সামনে খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা খালে তল্লাশি চালান। একপর্যায়ে খালের ভেতরের পানি থেকে শামীমের মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে।

হত্যাকাণ্ডের বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন বলেন, ‘এ হত্যার মোটিভ খুঁজতে ডিবি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে।’

এদিকে শামীমের এমন নির্মম মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। নিহতের বাবা, ভাই, কন্যাসন্তানসহ স্থানীয় এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএইচ