নেত্রকোণায় ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, পাচারকারী আটক

ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার
ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুরের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কিশোরীকে উদ্ধার করেছে টহলরত বিজিবি। সেই সঙ্গে সিলভার চাকমা নামের এক মানব পাচারকারীকেও আটক করা হয়।

আজ (শনিবার, ৬ জুন) দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত পাচারকারীর দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেটের ছেলে। উদ্ধার হওয়া রাত্রী সরকার (১৪) নামের কিশোরও একই উপজেলার বড়ইগঞ্জ গ্রামের রূপক সরকারের মেয়ে।

আরও পড়ুন:

বিজিবি সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র সব বিওপিতে বিশেষ টহল তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা নামক স্থান থেকে ওই কিশোরীকে ভারতে পাচারের সময় টহল দল হাতেনাতে আটক করে।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী পিএসসি জানান, বিওপিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার জন্যই সে পাচারকারী সিলভারের সহায়তা নিয়েছিল।

তিনি আরও জানান, আটককৃত পাচারকারী এবং উদ্ধার হওয়া কিশোরীকে আইনি প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসএস