৭ দিনের মধ্যে হাদি হত্যার বিচারের রোডম্যাপ না দিলে লাগাতার অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদি
ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদি | ছবি: এখন টিভি
0

আগামী সাত দিনের মধ্যে সরকার ওসমান হাদি হত্যার বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ (শুক্রবার, ৫ জুন) জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি গভীর চক্রান্ত রয়েছে। বর্তমান বাস্তবতায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এককভাবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে পারবে না।’

এই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চিঠি দেয়ার যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছিল, তার বর্তমান অগ্রগতি কী—তাও সরকারের কাছে জানতে চান তিনি।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ‘মমতা ব্যানার্জির বক্তব্য থেকে এটি পরিষ্কার হয়েছে যে, এই হত্যাকাণ্ড ভারতের মদদে এ দেশিয় এজেন্টরা ঘটিয়েছে। তাই তার এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে আমলে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।’

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান; অন্যথায় সাত দিন পর শাহবাগে রাজপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এনএইচ