মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য মিডল অর্ডার অলরাউন্ডার। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ইতিহাস গড়েছিলেন তিনি।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের প্রথম ওয়ানডে বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন সৈকত। একই ম্যাচে করেছিলেন অপরাজিত ৪৫ রানও।
এ পর্যন্ত ৪৩টি ওয়ানডে খেলেছেন মোসাদ্দেক। ২৫ দশমিক ৩৬ গড়ে করেছেন ৬৩৪ রান। রয়েছে ৩টি অর্ধশতক। বল হাতেও কম যান না তিনি ১৭টি উইকেট আছে তার ঝুলিতে, সেরা বোলিং ৩ উইকেট ১৩ রান।
অন্যদিকে নুরুল হাসান সোহান উইকেটের পেছনে তার ক্ষিপ্রতা ও নেতৃত্বগুণ বরাবরই প্রশংসিত। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে আবারও ফিরিয়ে এনেছে আলোচনায়।
আরও পড়ুন:
ওয়ানডেতে সোহানের সবচেয়ে বড় শক্তি তার ফিনিশিং সামর্থ্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ ওয়ানডেতে ৯২ স্ট্রাইক রেটে প্রায় ৩৪ গড়ে করেছেন ২৩৭ রান।
এখন নজর রেকর্ডের দিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেই প্রায় চার বছরের অপেক্ষার অবসান হবে মোসাদ্দেকের ওয়ানডে ক্যারিয়ারে। আর সোহানের সামনে সুযোগ থাকবে বাংলাদেশের ওয়ানডে দলে নিজের অবস্থান আরও শক্ত করার।
বাংলাদেশের নতুন প্রজন্মের দলে যখন অভিজ্ঞতার ঘাটতির কথা উঠছে, তখন সৈকত ও সোহানের প্রত্যাবর্তন হতে পারে বড় প্রাপ্তি। অভিজ্ঞতা, দায়িত্ববোধ আর ম্যাচ ফিনিশ করার সামর্থ্য সব মিলিয়ে এই দুই ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে টাইগার সমর্থকরা। প্রত্যাবর্তনের গল্পটা কি রূপ নেবে সেই অপেক্ষায় ভক্তরা।





