গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চললেও ইসরাইলি বাহিনী ওই ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি আসা যেকারও ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরাইলি সংবাদপত্র ‘মারিভ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ক্ষেত্রেও ইসরাইল একই নীতি অনুসরণ করবে। অর্থাৎ, বৈরুতে হামলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলেও দক্ষিণ লেবাননে তাদের সামরিক তৎপরতা ও অভিযান পুরোদমে চলবে।
ইসরাইলের ভেতরে বিরোধী দলের কোনো কোনো সদস্য এই চুক্তির সমালোচনা করলেও কৌশলগতভাবে এটি ইসরাইলের জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর মাধ্যমে তারা দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারছে এবং ওই এলাকার বাসিন্দাদের ঘরে ফেরাকে অনির্দিষ্টকালের জন্য আটকে দিতে সক্ষম হয়েছে। একই সাথে দক্ষিণ লেবাননে যখন খুশি হামলা চালানোর সক্ষমতাও তাদের হাতে থাকছে।





