পাবনার পদ্মায় বস্তাবন্দি অজ্ঞাত শিশু মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

‎পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগে প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

‎আজ (বুধবার, ৩ জুন) সকাল ১০ টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মেয়েটির বয়স ‎আনুমানিক ১০-১২বছর হতে পারে। গলায় একটি রুপার চেইন রয়েছে।

‎স্থানীয়রা জানায়, সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভিতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। কি কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে পুলিশ ক্লু উদঘাটনে কাজ করছে।’

জেআর