প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদ ঘিরে এশিয়ার অন্যতম বড় পশুর হাট বসেছে পাকিস্তানের করাচিতে। হাটে কোরবানির জন্য পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও, হাঁকা হচ্ছে চড়া দাম। তাই খালি হাতেই ফিরতে হচ্ছে ক্রেতাদের।
ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানের মুদ্রাস্ফীতি পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। দেশটিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে দাম ৪শ' রুপির বেশি। এতে বেড়েছে নিত্যপণ্যসহ সব জিনিসের দাম। যার বড় প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে।
আরও পড়ুন:
ক্রেতাদের অভিযোগ, আকার ভেদে গরু, ছাগল ও ভেড়ার দাম আগের বছরের তুলনায় বেড়েছে দ্বিগুণেরও বেশি। হাটে সারাদিন ঘুরেও বাজেটের মধ্যে পছন্দের পশু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সবাই। করাচির উটের বাজার এবং লাহোরের ছাগলের বাজারের আকাশছোঁয়া দামে উদ্বেগের মধ্যে ক্রেতারা।
পশুখাদ্যের অতিরিক্ত দামকেই দুষছেন খামারিরা। এছাড়া তেলের দামের ঊর্ধ্বগতিতে বেড়েছে পরিবহন ভাড়া। পশু পালন করে লাভের মুখ দেখছেন না খামারিরা।
২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে ৯৫ শতাংশেরও বেশি মুসলিম। আগামী বুধবার দেশটিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।





