চলতি বছরের মার্চ মাস থেকে সামরিক লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ইরান এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধের ছাপ পড়েছে ফুটবলের মাঠেও। আটলান্টিক পাড়ের দেশ যুক্তরাষ্ট্রে ইরান বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে দফায় দফায় সমাধান খুঁজতে চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আদর্শিক বিরোধের বাইরেও আটলান্টিক পাড়ের দেশটিতে ইরানের ফুটবলাররা ঠিক কতখানি নিরাপদ তা নিয়েও আছে আলোচনা।
নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে ইরানের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন শুরু থেকেই অগ্রাহ্য করেছিল ফিফা। আবার ইরানের খেলোয়াড় এবং কোচিং স্টাফের ওপর ভিসা নিষেধাজ্ঞাও শিথিল করতে নারাজ যুক্তরাষ্ট্র। বিকল্প হিসেবে তাই বিশ্বকাপে ইরানের ক্যাম্প সরিয়ে নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বদলে মেক্সিকোর তিহুয়ানায় নিজেদের ক্যাম্প করবে।
আরও পড়ুন:
টেলিগ্রাম ভিডিওতে দেয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ইরান ফুটবলের প্রধান মেহেদি তাজ। তিহুয়ানা ক্যাম্পে নিজেদের সকল সুযোগ-সুবিধা নিয়ে সন্তষ্টি প্রকাশ করে মেহেদি তাজ বলেন, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, ফিফা আমাদের এই ব্যাপারে সম্মতি দিয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান জানান, যুদ্ধকালীন সময়ে ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বকাপের মাত্র ১ মাস বাকি থাকলেও এখন অব্দি যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান স্কোয়াডের খেলোয়াড়রা। নতুন এই সিদ্ধান্তের পর তেহরান থেকে সরাসরি মেক্সিকো যাবেন মেহদি তারেমিরা। অবশ্য, ক্যাম্প নিয়ে জটিলতা কাটলেও এখন ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অপেক্ষায় ইরান।





