গাজীপুরে শিশুকে ধর্ষণ-ছবি ধারণের অভিযোগে গ্রেপ্তার ফুফা

পুলিশি হেফাজতে অভিযুক্ত সেলিম খান
পুলিশি হেফাজতে অভিযুক্ত সেলিম খান | ছবি: এখন টিভি
0

গাজীপুর মহানগরীতে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুফুর স্বামী।​

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে গতকাল (শনিবার, ২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়, মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে সেলিম খান গত প্রায় ৫ বছর ধরে পূবাইলের হায়দরাবাদ গজারিয়ারটেক এলাকায় তার শ্যালকের (বাদীর) বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন।

জানা যায়, নিঃসন্তান সেলিম খানের ঘরে বাদীর ৯ বছর বয়সী শিশু কন্যাটি প্রায়ই যাওয়া-আসা করতো। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। গত ২৩ মে দুপুরে অভিযুক্ত সেলিম খানের কক্ষে যান বাদীর বড় মেয়ে। সেখানে সেলিম খানের ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটারটি চালু থাকায়, সে ছবি দেখতে গিয়ে হঠাৎ তার ছোট বোনের কিছু আপত্তিকর ও অশ্লীল ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি সে পরিবারের অন্য সদস্যদের জানায়।

আরও পড়ুন:

এমন ঘটনা জানার পর পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায়, তাকে​খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

শিশুটি আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মের মধ্যে বিভিন্ন সময়ে অভিযুক্ত সেলিম খান তাকে চিপস বা বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেতেন। সেখানে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং সেই অপরাধের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সেলিম খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে আসামি সেলিম খানকেও আদালতে পাঠানো হয়েছে।’

এসএইচ