ইইউর সদস্যপদ প্রক্রিয়া শুরু করতে চাপ জেলেনস্কির; অ্যাসোসিয়েট সদস্যপদকে ‘অন্যায্য’ আখ্যা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি | ছবি: আল জাজিরা
0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলেছেন, এখনই সময় ইউক্রেনের ইইউ সদস্যপদ প্রক্রিয়া শুরু করার। তিনি প্রস্তাবিত অ্যাসোসিয়েট সদস্যপদকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন। রয়টার্সের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের বরাতে জানা যায়, শুক্রবার ইউরোপীয় নেতাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে জেলেনস্কি বলেন, ‘অ্যাসোসিয়েট সদস্যপদ ইউক্রেনকে ‘‘ভয়েসলেস’’ করে ফেলবে, কারণ এতে ভোটাধিকার থাকবে না। ফলে দেশটি তার স্বার্থ রক্ষা ও অগ্রসর করতে পারবে না।’

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইউক্রেন ইইউতে যোগদানের প্রচেষ্টা জোরদার করেছে। অরবান রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তার সময়ে ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়া বারবার ভেটোর মুখে পড়ে আটকে যায়।

জেলেনস্কির এই কূটনৈতিক চাপের মধ্যে একই সময়ে যুদ্ধক্ষেত্রেও ইউক্রেন ও রাশিয়া নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার দখলকৃত লুহানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, একদিন আগে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪৮ জন এবং ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই হামলার জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। দাবি করা হয়েছে, স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হামলা হয়েছিল। তবে ইউক্রেন জানিয়েছে, তারা ওই এলাকায় একটি এলিট ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করেছিল এবং তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনে অভিযান চালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা উদ্বিগ্ন, তবে তথ্য যাচাই করা যায়নি।

আরও পড়ুন:

এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার পার্ম অঞ্চলে মেটাফ্রাক্স কেমিক্যাল নামে একটি বড় রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। জেলেনস্কির মতে, এই কারখানার পণ্য রাশিয়ার সামরিক উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশে ব্যবহৃত হয়।

তিনি জানান, হামলার পর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইউক্রেন আরও জানিয়েছে, তারা রাশিয়ার ইয়্যারোস্লাভলে একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে এবং কৃষ্ণসাগরের নভোরোসিস্ক বন্দরে ড্রোন ধ্বংসাবশেষের কারণে অগ্নিকাণ্ডে অন্তত দুইজন আহত হয়েছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, চলতি বছরের শুরু থেকে ইউক্রেন প্রায় ৬০০ বর্গকিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে। তার দাবি, রুশ বাহিনীর ওপর চাপ বাড়ার কারণে মস্কো এখন আলোচনার পথে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও দাবি করেন, এ বছর প্রায় ৮৬ হাজার রুশ সেনা নিহত এবং ৫৯ হাজার আহত হয়েছে। পাশাপাশি ৮০০ জনকে বন্দি করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা রাশিয়ার জ্বালানি ও শিল্প অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া সামনের মাসগুলোতে নতুন আক্রমণ অভিযান শুরু করতে পারে।

এএম