ভারতের আসানসোল থেকে ১৯১৪ সালে কবি নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজিরশিমলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। পড়ালেখার জন্য সপ্তম শ্রেণিতে ভর্তি করে দেন ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে। যা এখন নজরুল অ্যাকাডেমি নামে সবাই চেনে।
কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার। তার আগমন ঘিরে অনুষ্ঠানস্থল, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের এলাকা সেজেছে নতুন সাজে।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘দীর্ঘ যুগ পর এই ত্রিশালে আসছে। আমরা ত্রিশালবাসী হিসেবে খুবই উচ্ছ্বসিত ও উৎফুল্লিত। বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে প্রায় তিন দিন আগে থেকেই এখানে অবস্থান করছে।’
গতকাল (শুক্রবার, ২২ মে) বিকেলে নজরুল অ্যাকাডেমি মাঠের অনুষ্ঠানস্থল ও আশাপাশের এলাকা ডগ স্কোয়াডসহ নিরাপত্তা তল্লাশি করেছে সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী জানান, সব প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এটা তো একটা মফস্বল। এই মফস্বলে এর চেয়ে চমৎকার সুন্দর আর হতে পারে না। মানে প্রধানমন্ত্রীর মিটিং সফল করার জন্য এখানে যে সিকিউরিটি পারসন যারা, এরা সব আছে এখানে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভায় এই অঞ্চলের উন্নয়নের নানা দাবি উপস্থাপন করা হবে বলে জানান বিএনপি নেতারা।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরব। আমরা বিশ্বাস করি এ ব্যাপারে উনি অবশ্যই একটা বক্তব্য বা এই ময়মনসিংহবাসীর সামনে এরকম একটা প্রতিশ্রুতি আমরা আশা করি উনার কাছ থেকে আদায় করতে পারবো।’
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ দেড় মাস আগে। জাতীয় সংসদে ৭১ বিধিতে আমি এই অনুষ্ঠানমালা জাতীয় পর্যায়ে ত্রিশালে করার জন্য যে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব নিয়ে এসেছিলাম, তাতে সদয় সম্মতি জ্ঞাপন করে প্রধানমন্ত্রী সময় দেয়ার পরে আমাদের কাজ শুরু হয়।’
ত্রিশালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কানহর এলাকার ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এই খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।





