মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ আহত হয়েছেন ছয়জন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল গরুবাহী ট্রাকটি। ট্রাকে চালক ছাড়াও কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জ থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাটবাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর দুই আরোহী। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ট্রাকচালকসহ আরও চারজন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

জেআর