ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, এলাকায় শোক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজারের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া শিশু দু’টি হলো সাবিয়া জান্নাত (৬) ও তার ছোট ভাই মো. সিয়াম (৪)। তারা স্থানীয় মুদি দোকানি শাহিন আলমের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি মাঠে আরও এক শিশুর সঙ্গে খেলছিল সাবিয়া ও সিয়াম। মাঠের পাশেই একটি পুকুর রয়েছে। খেলাধুলার একপর্যায়ে পুকুরে ভাসমান একটি বোতল তুলতে গিয়ে সিয়াম পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে থাকে। ভাইকে বাঁচাতে পুকুরে নামে বড় বোন সাবিয়া। কিন্তু সেও পানিতে তলিয়ে যায়।

পরে তাদের সঙ্গে থাকা অপর এক শিশু দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

শিশু দু’টির মা কেয়া বেগম জানান, তিনি সকালে বাড়িতে নাস্তা প্রস্তুত করছিলেন এবং বাবা শাহিন আলম দোকান খুলতে গিয়েছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুল লতিফ শাহ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।’

এসএস