নড়াইলে ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

পরিত্যক্ত ভবন
পরিত্যক্ত ভবন | ছবি: এখন টিভি
0

নড়াইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন নির্মাণ ও জেলা জজসহ অন্যান্য বিচারকদের শূন্য পদে পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও জানান তারা।

আজ (বুধবার, ২০ মে) সকাল ১০টায় নড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বর সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে নড়াইল জেলায় স্থায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন না থাকায় বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত জায়গার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলা জজসহ বিভিন্ন আদালতে বিচারকের শূন্য পদ থাকায় মামলার জট বাড়ছে। সাধারণ মানুষ যথাসময়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এসব শূন্য পদে দক্ষ বিচারক নিয়োগ দেয়া অত্যন্ত জরুরি।’

আরও পড়ুন:

এ সময় আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করে বলা হয়, ‘আইনজীবীদের কঠোর পরিশ্রমে অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ টাকা যেন সরাসরি আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হয়।’

এসময় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবিরসহ (রাজু) জেলা বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইনজীবীদের পেশাগত অধিকার আদায়ে এ যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

এফএস