আইটির মাধ্যমে আ.লীগ হাজার হাজার কোটি টাকা লুট করেছে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান | ছবি: সংগৃহীত
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান আরও বলেন, বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নামজারি করতে পারেননি। সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সে লক্ষে দেশব্যাপী এ ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এএইচ