শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামানোর পর ড্রাইভার বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে।
পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুরের চেষ্টা করেন তারা। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।
আরও পড়ুন:
গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কি হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’




