লেওয়ানডোস্কির বিদায়ী ম্যাচে বার্সার বড় জয়

রবার্ট লেওয়ানডোস্কি
রবার্ট লেওয়ানডোস্কি | ছবি: সংগৃহীত
0

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষবারের মতো খেলে ফেললেন রবার্ট লেওয়ানডোস্কি। তার বিদায়ী ম্যাচে ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সা। কাতালান ক্লাবটির কঠিন সময়ে এসেও আলাদাভাবে নজর কেড়েছিলেন তিনি। দলের প্রতিটি সাফল্যের পেছনে রেখেছেন বড় ভূমিকা।

লা লিগার ম্যাচ লড়ছে বার্সেলোনা ও রিয়াল বেতিস। ম্যাচের সময় তখন ৮৩ মিনিট। বেতিসের গোলমুখ লক্ষ্য করে শট নিলেন রবার্ট লেওয়ানডোস্কি। তবে সেটি একটু বাইরে দিয়ে বেরিয়ে গেল। এর পরই চতুর্থ রেফারির সাবস্টিটিউশন বোর্ড জানালো, পোলিশ এই স্ট্রাইকারকে সাবস্টিটিউট হিসেবে তুলে নেয়া হবে।

এর আগেও অনেকবার ম্যাচের মাঝে সাব হয়েছেন লেওয়া। তবে এবারেরটা ছিল সবকিছুর চেয়ে আলাদা। এটাই যে প্রিয় ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষবার তার মাঠে নামা। মাঠ ছাড়তে তাই যেন একটু বেশিই সময় নিলেন তিনি। উঠে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে তাকে বিদায় জানালেন ক্যাম্প ন্যুতে উপস্থিত থাকা দর্শকরাও।

আরও পড়ুন:

বায়ার্ন মিউনিখে সোনালী সময় কাটিয়ে ২০২২ সালে যখন লেওয়ানডোস্কি বার্সেলোনায় যোগ দেন, তখনও ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে হারানোর শোকে ধুঁকছে কাতালান ক্লাবটি। এছাড়া আর্থিক সংকট ছিল নিয়মিত চিত্র। এর মাঝেও নিয়মিত সাফল্যের মুখ দেখেছে বার্সা। যার পেছনে বড় ভূমিকা এই ফরোয়ার্ডের।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাবেন লেওয়ানডোস্কি। এর আগে ১৮৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। করেছেন ১১৫ গোল। জিতেছেন তিনটি করে লিগ টাইটেল ও স্প্যানিশ সুপার কাপ। স্বাদ পেয়েছেন কোপা দেল রে-রও। ব্লু গ্রানাদের হয়ে চ্যাম্পিয়নস লিগ না জেতাটাই হয়তো তার একমাত্র অপ্রাপ্তি।

বার্সার জার্সিতে হয়তো ইউসিএলের স্বাদ পাওয়া হয়নি। কিন্তু এ ক্লাবে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিলেন লেওয়ানডোস্কি। বিদায়ও নিচ্ছেন ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে। নানা সময়ই ক্লাবের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বার্সেলোনাও তাকে মনে রাখবে নিজেদের প্রিয়জন হিসেবেই।

ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য শুভকামনা, রবার্ট লেওয়ানডোস্কি।

ইএ